মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এসব সামগ্রী বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আহত জনগণের চিকিৎসার লক্ষ্যে জরুরি ওষুধ ও সরঞ্জাম ক্রয়ের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেছিলেন। সেই অনুদানের মাধ্যমেই এই সামগ্রীগুলো সংগ্রহ করা হয়েছে।
ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূতের হাতে এই সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন: ড. মো. নজরুল ইসলাম, এবং মো. হুমায়ুন কবীর।
সহায়তা হস্তান্তরকালে পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলাদেশ সর্বদা শান্তির পক্ষে এবং আমরা আশা করি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে।"
সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন যে, এই দুঃসময়ে বাংলাদেশের এমন সহমর্মিতা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির জানান, বিশ্বের যেকোনো প্রান্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের মানবিক দায়িত্ব এবং এই সহায়তা সেই প্রতিশ্রুতিরই অংশ।
আরো পড়ুন: