হামের চাপ সামাল দিতে নির্দেশনা, শয্যা সংকট দেখিয়ে রোগী ফেরত নয়

হামের চাপ সামাল দিতে নির্দেশনা, শয্যা সংকট দেখিয়ে রোগী ফেরত নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৫

আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৯

দেশে হামের রোগী বাড়তে থাকায় সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সংকটের অজুহাতে কোনো হাম বা হাম-উপসর্গের রোগীকে ফিরিয়ে না দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাখালীর কার্যালয় থেকে গত ২১ এপ্রিল এ সংক্রান্ত জরুরি নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ভর্তি নিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত নিয়ম মেনে রেফার করা যাবে।

এ ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট হাসপাতাল প্রধানকে দায় বহন করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতালে তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশে হাম রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চাপ তৈরি হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।