খুলনার পাইকগাছায় সুখেন সরদার নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় প্রকাশ সরদার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন।
ওই মামলার অন্য আসামি প্রকাশের স্ত্রী রূপা সরদারকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ০৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার একটি চিংড়ি ঘেরের পাশে সুখেন সরদারকে হত্যা করা হয়। নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত প্রকাশ সরদার ও রূপা সরদার দম্পতিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, ঘটনার রাতে সুখেনকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ চিংড়ি ঘেরের পানিতে ফেলে দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তাক্ত অবস্থায় সুখেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বর্ণালী দাস।
Tag:
আরো পড়ুন: