বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় সংসদ সদস্যদের জন্য চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবন-এর মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজউক-এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসা-এর অন্তর্ভুক্ত করা।
এছাড়া প্রশাসনিক কার্যক্রম সহজ করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
পুঁজিবাজার ও বীমা খাতে দক্ষ জনবল নিয়োগ সহজ করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করা হয়েছে। এর আগে এই বয়সসীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল।
মন্ত্রিসভা আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন করেছে। এখন থেকে প্রতি বছর ২১ মে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালন করা হবে, যা বৈশ্বিকভাবে পালিত আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরো পড়ুন: