গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান কামরুন মাহমুদ দীপা

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান কামরুন মাহমুদ দীপা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১২:১৯

সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা এবার গুলশান সোসাইটির (জোন–৩) জোন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনটির ১২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।

শুক্রবার ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপার আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান রহমান ‘ল’ অ্যাসোসিয়েটস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব উলভারহ্যামটন থেকে এলএলবি (অনার্স) এবং গ্রেইস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত আইনজীবী এবং স্বনামধন্য আইন সহায়তাকারী প্রতিষ্ঠান রহমান ‘ল’ অ্যাসোসিয়েটসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত।

তিনি রাজধানীর জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, জুবায়দুর রহমান অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, বরিশালের জেড এস টি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, জোহরা সামাদ ট্রাস্টের নির্বাহী সদস্য এবং এম বি এস আই মেমোরিয়াল ট্রাস্ট ঢাকার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট।

তার স্বামী ব্যারিস্টার শফিকুর রহমান রাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।