গরমে স্বস্তির আভাস, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

গরমে স্বস্তির আভাস, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:১৬

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:৫৮

তাপপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিনের তীব্র গরম আরও কিছুদিন স্থায়ী হলেও এরপর বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান তাপপ্রবাহ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ওই সময়ের পর থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন শুরু হবে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। এরপর ২৭ এপ্রিল (সোমবার) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরমের তীব্রতা কমিয়ে স্বস্তি এনে দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।