ঢাকা-টেকনাফ-পঞ্চগড় বাস ভাড়া বাড়ল

ঢাকা-টেকনাফ-পঞ্চগড় বাস ভাড়া বাড়ল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৯

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১৬:৫৪

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাস ভাড়া নতুন করে নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর ফলে দেশের বিভিন্ন রুটে বাস ভাড়া সামান্য থেকে শুরু করে সর্বোচ্চ কয়েক দশ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন হিসাব অনুযায়ী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের টেকনাফ রুটে নন-এসি বাসের ভাড়া ৬৫ টাকা এবং উত্তরাঞ্চলের পঞ্চগড় রুটে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং বিআরটিএর তথ্য অনুযায়ী বিভিন্ন রুটে দূরত্ব ও টোল বিবেচনায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে ৪০ সিটের বাসের জন্য আলাদা ফর্মুলা ব্যবহার করে ভাড়া হিসাব করা হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ভাড়া বেড়েছে ৩৪ টাকা, রাজশাহীতে ৩৮ টাকা, খুলনায় ৩০ টাকা, বরিশালে ২৬ টাকা, সিলেটে ৪০ টাকা, রংপুরে ৪১ টাকা, ময়মনসিংহে ১৫ টাকা, কক্সবাজারে ৫৭ টাকা, কুমিল্লায় ১৬ টাকা এবং বগুড়ায় ২৮ টাকা।

সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর থেকে টেকনাফ পর্যন্ত ভাড়া বেড়েছে ১১৭ টাকা, যা নতুন করে দাঁড়িয়েছে ২৪৫৭ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে।