কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ২২:৪৭

কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, 'কৃষক যাতে তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারে, এতে করে কৃষকের যেমন উন্নয়ন হবে, তেমনি এলাকা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। এর মাধ্যমে সারা বাংলাদেশে কৃষিনির্ভর অর্থনীতি গড়ে উঠবে। সারা পৃথিবীজুড়ে যে বৈশ্বিক সমস্যা রয়েছে, তাতে কৃষি যেন কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়- বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।'

এ সময় ২০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং পাঁচ জন কৃষকের মধ্যে মৌ বক্স বিতরণ করা হয়।

এছাড়া, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জের সাতটি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।