বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার বেশি হওয়াকে এই পদক্ষেপের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
জানা গেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে।
এর আগে, ৪ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ বিভিন্ন দেশের অভিবাসীদের ওয়েলফেয়ার গ্রহণের হার সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন।
‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে থাকে।
তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশ—ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল—অন্তর্ভুক্ত ছিল।
বিশ্লেষকদের মতে, নতুন এই নীতির ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
আরো পড়ুন: