মেধা ও দক্ষতায় গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মেধা ও দক্ষতায় গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৩:০২

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি তৈরি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে প্রশাসনকে আরও জনমুখী করতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সরকার প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবং জনসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং তারা সবসময় জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।