পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই হজযাত্রীরা দেশটিতে পৌঁছান।
ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ-এর হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আইটি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাত ৩টা পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন।
সৌদিয়া এয়ারলাইনস-এর ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল।
জানা গেছে, টাঙ্গাইলের মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হয়। প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
চলতি বছরের হজ ফ্লাইট শেষ হবে ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।
আরো পড়ুন: