বৈশাখের তীব্র গরমের মধ্যেই দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে ভিন্নমাত্রার পরিবর্তন। একদিকে উত্তরের জনপদে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সতর্কতামূলকভাবে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে বৃষ্টির সম্ভাবনার মধ্যেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: