তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেন, এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে বাজার অস্থিতিশীল না হয়।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি পেলেও তা অজুহাত হিসেবে ব্যবহার করে বাসভাড়া বা নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল-ইনটেনসিভ শিল্পের পরিবর্তে কম জ্বালানিনির্ভর (লেস ফুয়েল ইনটেনসিভ) শিল্প স্থাপনে উৎসাহিত করা উচিত।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর শিল্প খাতে সরবরাহ করা হয়। তাই শুধু জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে এমনটি পুরোপুরি সঠিক নয়। বৈশ্বিক বাজারে চাহিদার ওঠানামাও একটি বড় কারণ।
বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেশ কিছু প্লট ইতোমধ্যে শিল্প স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিছু প্লট নিয়ে নতুন বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তবে কিছু জায়গায় দখলসংক্রান্ত সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে।
তিনি আরও জানান, এসব সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিটি শিল্পপ্লটে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ অনেকে।
আরো পড়ুন: