লিবিয়ার উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত

লিবিয়ার উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৬:১২

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী প্রকৌশলী আলী এমহামেদ আল-নাধুরীর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, লিবিয়ায় কর্মরত বিপুল সংখ্যক বৈধ বাংলাদেশি কর্মী নিয়মিতভাবে তাদের 'আকামা' বা রেসিডেন্সি প্রক্রিয়ার সময় সামাজিক সুরক্ষা তহবিলে অর্থ জমা দিচ্ছেন। তবে এই তহবিলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন।

উপমন্ত্রী আল-নাধুরী বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে জানান, লিবিয়া সরকার বিদেশি অধিবাসীদের কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের সামাজিক সুরক্ষা তহবিলের সুবিধা কার্যকরভাবে নিশ্চিত করতে দুই দেশের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক চুক্তি (MoU) সম্পাদনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে সামাজিক সুরক্ষা ছাড়াও প্রবীণ কল্যাণ, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।