পূর্ববর্তী সরকারের লুটপাটে অর্থনীতি বিধ্বস্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

পূর্ববর্তী সরকারের লুটপাটে অর্থনীতি বিধ্বস্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৭:৩২

আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ খাদের কিনারে এসে ঠেকেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি অভিযোগ করেন, গত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের চেষ্টা সত্ত্বেও আশানুরূপ গতিতে এগোতে পারছে না।

শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।

খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়াতে ৩৫০ জন খামারিকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, "আওয়ামী লীগের দুর্নীতি অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি পুনরুদ্ধারে কাজ করলেও পূর্ববর্তী সরকারের সীমাহীন লুটপাট প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।"

প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, তারেক রহমানের পক্ষ থেকেও সরকার পরিচালনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার কঠোর নির্দেশনা রয়েছে।

সীমিত সম্পদ ব্যবহার করে আগামী ৫ বছরের মধ্যে দেশকে একটি স্থিতিশীল মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।