এসএসসি প্রশ্নফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

এসএসসি প্রশ্নফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৯:২৫

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামালউদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অত্যন্ত সুষ্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা দাবি করছে। এই চক্রটি মূলত সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে লিপ্ত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে যে, ডিজিটাল প্লাটফর্মে প্রশ্নপত্র সংক্রান্ত এ ধরনের সকল দাবিই সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতারণামূলক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের সময় ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি সন্দেহজনক ফেসবুক পেজ শনাক্ত করে। এর ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সিটিটিসি। অভিযানে ওই চক্রের মূল হোতাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের গুজব পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ সচেতন নাগরিকদের প্রতি বোর্ড কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

পরীক্ষা কার্যক্রমকে প্রশ্নাতীত ও স্বচ্ছ রাখতে শিক্ষা বোর্ড এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে পুনরায় নিশ্চিত করা হয়েছে।