রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৭:১৫

তীব্র গরমের দহন শেষে যখন আকাশে কালো মেঘ জমে, তখনই আসে স্বস্তির বৃষ্টি। গরমের ক্লান্তি ভুলিয়ে দিয়ে বৃষ্টি নিয়ে আসে এক শান্তির পরশ। রোববার বিকেল ৪টার পর ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। 

এর আগে বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে থাকে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। রোববার বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা।

রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বেলা ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্ন ভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্ন ভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।