ডেঙ্গু আক্রান্ত আরও ২৮ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরও ২৮ জন হাসপাতালে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২২:১২

গত ২৪ ঘন্টায় সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাত জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দু'জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন রয়েছেন। 

একই সময়ে আরও ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২ হাজার ২৮৭ জন।  

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪০৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ১ শতাংশ নারী। মৃত্যু হয়েছে চার জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।