গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪৮ শিশু।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত পাঁচ জনের মধ্যে একজন হাম আক্রান্ত হয়ে বাকি চার জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (২৭ এপ্রিল সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪৪৮ জনের মধ্যে সন্দেহজনক ১ হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম সন্দেহে মৃত্যু হয়। এ সময়ে হাম ও হাম সন্দেহে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪ হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।
Tag:
আরো পড়ুন: