নিরাপদ পানি এখন ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্ব পানি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ। সে দিন চিফ হুইপ বললেন- সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুন ভাবে ভাবতে হবে সবাইকে।’
তিনি বলেন, ‘দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।’
বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের ওপর জোর দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সে ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে।’
তিনি বলেন, ‘সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।’
Tag:
আরো পড়ুন: