সাংবাদিকদের জন্য একটি কার্যকর ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি বলে জানয়েছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা না গেলে দেশের গণতান্ত্রিক রাজনীতি টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের তাদের জীবনমান উন্নয়ন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন।’ এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ।
তিনি বলেন, ‘যেসব সাংবাদিক ১/১১-এর ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।’
সংসদে বক্তব্য দিতে গিয়ে বিগত রাজনৈতিক সংঘাত, গুম-খুন ও আন্দোলনে নিহতদের স্মরণ করে দুলু বলেন, ‘গত দেড় দশকে রাজনৈতিক সহিংসতায় অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং অনেক নেতা-কর্মী এখনো আহত ও পঙ্গু অবস্থায় আছেন।’
তিনি নিহতদের মধ্যে ছাত্রদল নেতা ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
হুইপ বলেন, ‘বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা প্রয়োজন।’ তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দ্বন্দ্ব কমিয়ে একটি সহনশীল ও গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, ‘গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।’
আরো পড়ুন: