ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায় যাবজ্জীবন

ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায় যাবজ্জীবন
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ২১:২৬

ময়মনসিংহে শিশু (৮) ধর্ষণ মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। 

এটিই ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায়।

সাজাপ্রাপ্ত রুবেল মিয়া নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩১ অগাস্ট সন্ধ্যার পর শিশুটি নিজ বাড়ি ফিরছিল। সে সময় রুবেল মিয়া পেছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেন। পরে ওই শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানায়।

এ ঘটনার পর শিশুটির বাবা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এটিই প্রথম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজা।

মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি মজিবুর রহমান মামলাটি পরিচালনা করেন।