শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১১:২৮

আপডেট: ২ মে, ২০২৬ ১১:৩৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকালে সিলেটে পৌঁছেই তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারত শেষে ১০টা ৫০ মিনিটে তিনি মাজার এলাকা ত্যাগ করেন। এর আগে, সকাল ১০টায় মুষলধারে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাট এলাকায় যান। সেখানে তিনি সিটি করপোরেশন কর্তৃক গৃহীত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখেন।

দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন।

বিকেল ৩টা: জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষণ) কর্মসূচির উদ্বোধন।

বিকেল ৫টা: জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মী সভায় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সড়কের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই প্রথম সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সফর শেষে আজ সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সে করেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।