চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার

চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১১:৫৭

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এবার সম্মেলনে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তারেক রহমান সরকারের আমলে এটিই প্রথম ডিসি সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র জানায়, আটজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে মোট ১,৭২৯টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের সম্মেলনে আলোচিত হওয়া বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আপত্তি থাকায় অনেক প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।

চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মে)।

সম্মেলনের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং স্পিকারের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।