মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
শনিবার (২ মে) সকালে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাবেশে সংশ্লিষ্টরা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার এই প্রকল্পের আওতায় নদীতীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন করা হবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো পড়ুন: