ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, বর্তমানে আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী নেই, তবে তাদের সহযোগী বা নতুনভাবে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।
তিনি বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। আমাদের মনিটরিং ও পর্যবেক্ষণ অব্যাহত। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং ব্যবসায়ীদের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।
এ সময় তিনি জানান, রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ইতোমধ্যে একাধিক গ্রেপ্তার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং গোপন নজরদারিও জোরদার করা হয়েছে।
মামলা গ্রহণে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
আরো পড়ুন: