বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উন্নয়ন ও সংস্কারসংক্রান্ত ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। যদিও এ সম্মেলনের জন্য মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছিল।
ডিসি ও বিভাগীয় কমিশনাররা ৩০টি অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে পৃথক কার্য অধিবেশনেও অংশ নেবেন তারা।
রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। আগামীকাল জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং পরদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ব্যয় কমানো হয়েছে। এবার বাজেট ধরা হয়েছে ৭১ লাখ টাকা, যা গত বছরের তুলনায় কম।
মন্ত্রিপরিষদ সচিবের মতে, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সমন্বয় জোরদার করাই এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য।
এছাড়া ডিসিদের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা, কৃষি, পর্যটন ও সামাজিক নিরাপত্তা বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
আরো পড়ুন: