ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, দুদিনে তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। কোনো তদবিরে কাউকে ছাড়া হবে না, বরং তদবির করলে সংশ্লিষ্ট ব্যক্তিকেও চক্রের অংশ হিসেবে বিবেচনা করা হবে।
রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, গত দুই দিনে ৫৮ জন তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
মো. সরওয়ার বলেন, চাঁদাবাজসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাউকে তদবির করে ছাড়ানোর চেষ্টা করলে সেটিও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা হিসেবে গণ্য হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। অনেক ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে এবং বেশিরভাগ ঘটনাই শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে বড় কোনো সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় নেই, তবে কিছু ব্যক্তি শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অপরাধ চালাচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, সমন্বিত নিরাপত্তা কৌশলের আওতায় ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে, যাতে অপরাধীদের পালানোর সুযোগ না থাকে। ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটরা অভিযানে অংশ নিচ্ছেন এবং মোবাইল কোর্ট কার্যক্রম চলছে। পাশাপাশি অনলাইন নজরদারিও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মোহাম্মদপুরের রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, পুলিশের অভিযান সংক্রান্ত তথ্য ফাঁস করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফুটপাতে সীমানা নির্ধারণের ফলে চাঁদাবাজির সুযোগ অনেকটাই কমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
আরো পড়ুন: