হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৪:০৬

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক আহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একই মামলায় আরও ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

মামলার তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

তদন্ত কর্মকর্তা জানান, মোট ১২৯ জনের নাম উল্লেখ এবং ১০০–১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছিল। তবে তদন্তে ১২৭ জনের বিরুদ্ধে ঘটনার সময় উপস্থিত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব ও ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ আরও অনেকে রয়েছেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনা ও ষড়যন্ত্রের মাধ্যমে অন্যান্য আসামিরা আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে বিকেলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আশিক গুরুতর আহত হন। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।