সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। নীতিগতভাবে সব সাংবাদিককে আইনের আওতায় পেশাগত নিরাপত্তার নিশ্চয়তা দেবে সরকার। মানহানি মামলাসহ অন্যান্য আইনি জটিলতাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে।
রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এবারের দিবসের বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে, ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।
তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো গঠনের লক্ষ্যে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি করা হবে।
তিনি বলেন, “গণমাধ্যম একটি জটিল ইকোসিস্টেম। তাই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা হবে।”
অপতথ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ এখন বাস্তবতা হলেও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এআই ও অ্যালগরিদম যুগে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। মানহানি মামলাসহ অন্যান্য আইনি বিষয় প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনা করা হবে।”
সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: