দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১০:৫২

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে Emirates এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মরদেহবাহী বিমানটি অবতরণ করে।

গত ১৬ এপ্রিল University of South Florida-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আটদিন পর ২৪ এপ্রিল পুলিশের অভিযানে উদ্ধার করা হয় লিমনের মরদেহ। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহও।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। Hillsborough County আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।