সৌদি পৌঁছেছেন ৪৪,৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৪,৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:২৭

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি আরব-এ পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী পরিবহন করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হজ মৌসুমে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের মো. শামসুল আলম (৬৩) মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে, যা চলবে পুরো জুন মাসজুড়ে। শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।