অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তে কমিশন চেয়ে রিট

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তে কমিশন চেয়ে রিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:৪০

সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই সময়ের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।

রিটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের আবেদন জানানো হয়েছে।

রোববার (৩ মে) জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এতে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়টি সোমবার (৪ মে) নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১টায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

এর আগে একই আইনজীবী ওই অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। পরে বিষয়টি হাইকোর্টে খারিজ হলে তিনি আপিল করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার গঠনের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করেন বলে জানা যায়।

নতুন এই রিটের ফলে অন্তর্বর্তী সরকারের অতীত কর্মকাণ্ড নিয়ে আবারও আইনি বিতর্ক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।