বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৪:৩৪

আপডেট: ৪ মে, ২০২৬ ১৬:৩৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, চুক্তিটি কাঠামোগতভাবে অসম, অযৌক্তিক এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এতে উল্লেখ করা হয়, চুক্তির বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্রের স্বার্থ ১৩১ বার উল্লেখ থাকলেও বাংলাদেশের স্বার্থ উল্লেখ করা হয়েছে মাত্র ৬ বার।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস এই রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, চুক্তি প্রণয়ন ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনস্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

চুক্তির শর্তাবলিতে অসামঞ্জস্যপূর্ণ দায়, শুল্ক ব্যবস্থায় প্রভাব, দেশীয় শিল্প ও কৃষি খাতে সম্ভাব্য ক্ষতি এবং পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগও উত্থাপন করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী জানান, বিষয়টি শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এই রিটের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আইনি ও অর্থনৈতিক বিতর্ক শুরু হয়েছে।