প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন মহাসড়কের শৃঙ্খলা রক্ষায়, এর ওপরে কোনো ভাবেই পশুর হাট বসানো যাবে না।
সোমবার সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ঈদ-উল-আজহার ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কুরবানি পরবর্তী যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজই সিদ্ধান্ত পেয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছেন। ১২ ঘণ্টার মধ্যে সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পর্যায় ও সংশ্লিষ্ট সব জায়গা; যেখানে বর্জ্য উপচে পড়ার একটা বিষয় থাকে, পরিষ্কার হতো না আগে; সেটা ১২ ঘণ্টার ভেতর পরিষ্কার নিশ্চিত করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) অনুশাসন জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। সিটি কর্পোরেশনের দুই প্রশাসক এখানে ছিলেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী- ওনারা সারাদেশে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মেয়রদের সঙ্গে বসবেন, জেলা প্রশাসকদের নির্দেশনা দেবেন। আমরা এটা নিশ্চিত করতে চাই এবং দেশবাসীকে দেখাতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য পরিষ্কার হবে ১২ ঘণ্টার মধ্যে। এবং স্যানিটেশনসহ অন্য সব কিছুর ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনস্বাস্থ্যটা ঠিক থাকে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মহাসড়কের শৃঙ্খলা রক্ষায়, এর ওপরে কোনো ভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রেল লাইনের পাশের এলাকাগুলোর জন্য।’
Tag:
আরো পড়ুন: