তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর বলে জানা গেছে। সফরের মূল লক্ষ্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করা।
বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, সরাসরি বিমান যোগাযোগ, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে চীনের সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হতে পারে।
অন্যদিকে চীন তিস্তা মহাপরিকল্পনা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক উদ্যোগ নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করতে পারে।
সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির একাধিক নেতার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরো পড়ুন: