দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী ও পেশাদার করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে একটি শক্তিশালী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বাহিনী গড়ে তোলা যায়।
ড. শামছুল ইসলাম আরও জানান, বিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৩ মে চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে ডিসিদের দেওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব আলোচনায় আনা হয়েছে। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন ও ই-গভর্ন্যান্স বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
আরো পড়ুন: