প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানির ওপর চাপ কমানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে, তবে দেশে বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি আরও জানান, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহার করা হবে।
এর আগে ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (জাতীয় রাজস্ব বোর্ড) একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর অব্যাহতি দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব বাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্কসহ সব ধরনের কর মওকুফ থাকবে। তবে বাসের রঙ অবশ্যই হলুদ হতে হবে এবং “School”, “College” বা “Student Bus” লেখা স্পষ্টভাবে থাকতে হবে।
এছাড়া, শুল্কমুক্ত সুবিধায় বাস আমদানির আবেদন ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, পরিবহন ব্যয় কমবে এবং সড়কে যানজট হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: