স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিক থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিলের কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
তথ্য উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক বিভিন্ন মামলায় কারাগারে আছেন, তাদের বিষয়ে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে প্রায় ১ কোটি ৬১ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে টিকা নিয়ে কোনো সংকট থাকবে না।
তথ্য উপদেষ্টা আরও বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ফলাফল ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। এছাড়া দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন: