শাপলা চত্বর ঘটনায় ৫৮ জন নিহতের তথ্য দিয়েছে প্রসিকিউশন

শাপলা চত্বর ঘটনায় ৫৮ জন নিহতের তথ্য দিয়েছে প্রসিকিউশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৪:৪৩

আপডেট: ৫ মে, ২০২৬ ২২:২৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্র করে ঢাকায় দিন ও রাতে হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও সহিংসতার ঘটনা ঘটে।

উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। সারাদেশ থেকে হাজারো নেতাকর্মী ওই কর্মসূচিতে অংশ নেন। পরে রাতের দিকে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।