মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৫:২০

আপডেট: ৫ মে, ২০২৬ ১৫:২১

মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি এবং ধারণ করি। এই অর্জনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অর্জন সংরক্ষণ ও স্মৃতি ধরে রাখার লক্ষ্যেই ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, ভাতা ও সুযোগ-সুবিধা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে, একই অধিবেশনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ের নিজস্ব অফিস না থাকায় অনেক কার্যক্রম জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। এজন্য ডিসিদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, চলমান কার্যক্রম আরও দক্ষভাবে বাস্তবায়নের বিষয়ে পরামর্শ পাওয়া গেছে এবং ভবিষ্যতে সেগুলো বিবেচনায় নিয়ে কাজের গতি বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী জানান, বিগত সময়ের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ রয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।