হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৭ মে

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৭ মে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৫:৩৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৩ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো।

মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা তা জমা দিতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ ধার্য করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দেওয়া চার্জশিটে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপ নেয়।

মামলার তদন্তে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ জনকে আসামি করা হয়। তদন্ত প্রতিবেদনে রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়।