অজ্ঞান পার্টির শিকার চালক, খোয়া গেল অটোরিকশা

অজ্ঞান পার্টির শিকার চালক, খোয়া গেল অটোরিকশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১১:৫৫

রাজধানীর হাজারীবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোরিকশা হারিয়েছেন চালক মো. সহিদুল ইসলাম (৩৫)। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্ত্রী নাসিমা জানান, রাতে অজ্ঞান পার্টির সদস্যরা তার স্বামীকে চেতনানাশক কিছু খাইয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করে তাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে তিনি বাসায় ফিরে আসেন।

নাসিমা আরও জানান, তারা লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তদন্ত চলছে।