লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৫:১২

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা না পড়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হলেও উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র এখনও মাঠ পর্যায়ে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালা অনুসরণ না করে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে এই কাজ সম্পন্ন হবে এবং অনিয়ম পাওয়া গেলে সেসব অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।

তবে ২০০৯ সালের আগে ইস্যু করা বৈধ লাইসেন্সধারীরা নিয়ম অনুযায়ী তাদের অস্ত্র ফেরত পাবেন বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সমাজে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।