ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ আবেদন দাখিল করেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন গণমাধ্যমকে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।
মামলার আবেদনে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যের নাম রয়েছে।
এছাড়া সাবেক শিক্ষা সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু।
পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটে এবং এতে হতাহতের ঘটনা ঘটে।
আরো পড়ুন: