মাঠ থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৪:৫২

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে না। পর্যায়ক্রমে সেনা সদস্যদের মাঠ থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে।

“আমরা বিশ্বাস করি পুলিশ বাহিনীকে একটি কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। জনগণের মধ্যেও সেই আস্থা তৈরি হয়েছে,”— যোগ করেন তিনি।

তবে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, “প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে। মাদক, সন্ত্রাস ও অস্ত্র সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোথাও যৌথ অভিযান, আবার কোথাও এককভাবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।