হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৬:৫৯

আপডেট: ৭ মে, ২০২৬ ১৭:১৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৫২৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত সবশেষ আপডেট অনুসারে, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুর শরীরে নিশ্চিত ভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে দু'জন ছাড়াও বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে নিশ্চিত ভাবে হাম শনাক্ত হয়েছে মোট ৫৫ শিশুর শরীরে।

এছাড়া, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিত ভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। 

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ২০৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৮ হাজার ২৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।

Tag: