সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও সাত শিশুর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৪ শিশু।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত সবশেষ আপডেট অনুসারে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিন শিশু মারা গেছে সিলেটে। এছাড়া, ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ২ শিশুর। সেই সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে শিশু মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত সাত জনের মধ্যে একজন হামে আর বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এ নিয়ে গত ৫৪ দিনে (১৫ মার্চ থেকে) দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশু, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১২, হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৮২টি শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপর আছে চট্টগ্রাম (৪৬)।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।
বৃহস্পতিবার হাম ও এর উপসর্গ নিয়ে দেশব্যাপী মৃত্যু হয়েছে ১২ শিশুর। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছে ছয় শিশু।
Tag:
আরো পড়ুন: