ঢাকায় পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

ঢাকায় পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৩:৪৮

যুক্তরাষ্ট্রে নৃশংস দ্বৈত হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরেছে। মরদেহ পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মাঝে শোকের আবহ নেমে এসেছে।

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাই ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে তা ঢাকায় পৌঁছে। মরদেহ হস্তান্তরের সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এর আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তদন্তে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডার অভিযোগ আনা হয়েছে।