শিক্ষা হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষা হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৪:১৫

রড-সিমেন্ট নয়, শিক্ষা হবে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “চীন যেভাবে তার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে, তা জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের জন্য অনুকরণীয়। আমাদের সম্পর্কের ভিত্তি হবে শিক্ষা, অবকাঠামো নয়।”

তিনি আরও বলেন, “আগের মতো শুধু পরীক্ষা ও জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষায় সীমাবদ্ধ থাকবো না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশন প্রোগ্রাম চালু করা হচ্ছে। পাশাপাশি তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।”

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি সংযোজনের কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।